বিজয় ও তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার উদয়নিধি স্টালিন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এবং জনপ্রিয় অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজস্ব বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারের সময় উদয়নিধিকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। এ ঘটনাকে একটি ‘রসিকতা’ হিসেবে অভিহিত করে তিনি জানান, এই গ্রেফতারির বিরুদ্ধে তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন।
প্রতিবেদন থেকে জানা যায়, গত সোমবার তাঞ্জাভুরে কাবেরী নদীর পানি বণ্টন সংক্রান্ত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি। সেখানে তিনি অভিযোগ করেন, কাবেরী নদী থেকে তামিলনাড়ু প্রাপ্য পানি না পেলেও মুখ্যমন্ত্রী বিজয় এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বক্তব্য চলাকালে উপস্থিত জনতার মধ্য থেকে অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান উঠলে উদয়নিধি একটি আপত্তিকর ও দ্ব্যর্থবোধক মন্তব্য করে বসেন।
এই মন্তব্যের পর তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। ক্ষমতাসীন দল টিভিকে (TVK) তাঁর বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় নারী কমিশন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয়, দায়িত্বশীল রাজনৈতিক মঞ্চ থেকে কোনো নারীকে লক্ষ্য করে অশালীন ও আপত্তিকর ভাষা প্রয়োগ করা অত্যন্ত নিন্দনীয়।
অন্যদিকে, এই গ্রেফতারের ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছে উদয়নিধির দল ডিএমকে। দলটির নেতা টিকেএস এলাঙ্গোভান জানান, বক্তব্যে কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা হয়নি; বরং রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর ব্যর্থতার বিষয়গুলোই তুলে ধরা হয়েছিল। তবে টিভিকে নেতা আমেরিকাই নারায়ণন এই দাবি প্রত্যাখ্যান করে জানান, রাজনৈতিক সমালোচনার জন্য নয়, বরং একজন নারীকে অবমাননা করার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে তামিলনাড়ু রাজ্য বিজেপির পক্ষ থেকেও উদয়নিধির বিরুদ্ধে জঘন্য ও অশ্লীল বক্তব্য প্রদানের অভিযোগ তুলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











