শুধু প্রাতিষ্ঠানিক সনদে সাফল্য আসবে না, দরকার বাস্তব দক্ষতা: ববি হাজ্জাজ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য পূরণে তরুণদের দক্ষ ও আধুনিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জনই কাঙ্ক্ষিত সাফল্যের জন্য যথেষ্ট নয়; এর সঙ্গে প্রয়োজন ইংরেজি ভাষা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানের সক্ষমতা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত ‘২য় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইউল্যাব ও টেসল সোসাইটি অব বাংলাদেশ।
শিক্ষা ও দক্ষতার আধুনিকায়ন
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন ও সফল ক্যারিয়ার গঠন। তবে ব্যবহারিক দক্ষতা অর্জন করা না গেলে অর্জিত শিক্ষার সুফল পাওয়া কঠিন। শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করতে পারাই তরুণদের প্রধান শক্তি হওয়া উচিত।
দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় ইংরেজি ভাষা চর্চার ঘাটতির কথা উল্লেখ করে তিনি জানান, মুখস্থনির্ভর পড়ালেখার অভ্যাসের কারণে উচ্চশিক্ষা শেষ করেও অনেক শিক্ষার্থী পেশাগত ভাব প্রকাশে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতির সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি ও কর্মসংস্থান
ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা ও আন্তর্জাতিক গবেষণার প্রধান মাধ্যম ইংরেজি। ফলে ভাষাগত দুর্বলতা যেন কোনো মেধা বিকাশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার সুযোগকে আটকে না রাখে, সেদিকে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির পরিভাষা সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
তরুণ প্রজন্মকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতায় উদ্বুদ্ধ করতে হবে। তাদের জন্য সম্মানজনক কর্মসংস্থান ও কাজের সুযোগ নিশ্চিত করা গেলে তারা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখতে পারবে।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনিসুল হক। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











