দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, কমবে তাপমাত্রা
মৌসুমি বায়ু নিষ্ক্রিয় থাকায় সারা দেশে গত কয়েক দিন ধরে অব্যাহত থাকা ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। আজ বৃহস্পতিবার দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকার আকাশ মেঘলা, দুপুরে বৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকায় সকাল থেকেই মেঘলা আকাশ বজায় রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দিনের তাপমাত্রা সামান্য কমিয়ে আনতে পারে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী ৫ দিনের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আগামী পাঁচ দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











