প্রথম সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনাসহ নানা কর্মসূচি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন তিনি।
বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান সরকারের মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। অভ্যর্থনা প্রদানকালে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও এমপি এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
সার্কিট হাউসে গার্ড অব অনার ও মাজার জিয়ারত
প্রাসঙ্গিক সংবাদ
রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ মোটরকেড সহযোগে তিনি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, বেলা ১১টা ৫০ মিনিটে সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সার্কিট হাউস থেকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। পরবর্তীতে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারও জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে পুনরায় সার্কিট হাউসে ফিরে তিনি সাময়িক বিশ্রাম নেবেন।
নাগরিক সংবর্ধনা ও বঙ্গভবনে প্রত্যাবর্তন
সফরসূচির অংশ হিসেবে বিকেলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি। সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে তিনি আবারো সার্কিট হাউসে ফিরবেন।
সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সব আনুষ্ঠানিকতা শেষে রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে তার। রাষ্ট্রপতির দিনব্যাপী এই সফর ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











