জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ আখ্যা নেতানিয়াহুর, তীব্র প্রতিবাদ তুরস্কের
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আংকারা। নেতানিয়াহুর এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে কড়া সমালোচনা করেছেন তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে বক্তব্যের কড়া প্রতিক্রিয়া
তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ প্রকাশিত এক বিবৃতিতে বুরহানেত্তিন দুরান বলেন, বিশ্বমঞ্চে তুরস্ক ও প্রেসিডেন্ট এরদোয়ানকে লক্ষ্য করে দেওয়া নেতানিয়াহুর বক্তব্য জাতিসংঘের মৌলিক আদর্শ—শান্তি, আইন ও সংলাপের পরিপন্থী। তিনি উল্লেখ করেন, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তিনি নিজের অপরাধ ঢাকতে জাতিসংঘের মঞ্চের অপব্যবহার করছেন।
গাজার মানবিক সংকট থেকে নজর সরানোর চেষ্টা
তুর্কি সরকারের এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, এরদোয়ানকে আক্রমণ করে নেতানিয়াহুর দেওয়া বক্তব্য গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা, সৃষ্ট মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আদালতের আইনি প্রক্রিয়াকে আড়াল করতে পারবে না। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় সবকিছু পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহু এখন চরমভাবে একা হয়ে পড়েছেন।
দুরান দৃঢ়তার সঙ্গে জানান, প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের ন্যায়সংগত অধিকার, শান্তি, বৈশ্বিক বিচার এবং নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তুর্কি প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসক’ হিসেবে বর্ণনা করেন নেতানিয়াহু। একই সঙ্গে তুরস্ক ইরান-সমর্থিত হামাসকে সমর্থন দিচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











