সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জনের মৃত্যু, আহত ৫০
সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। মঙ্গলবার আল-নুহুদ শহরের কাছে আল-জারা খনির একাধিক সংযুক্ত সুড়ঙ্গ ধসে এই বিপর্যয় ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বরাতে এই খবর নিশ্চিত করেছে।
কর্দোফান অবজারভেটরির বরাতে জানা গেছে, নিহতদের একটি বড় অংশই ক্ষুদ্র পরিসরে খনিতে কাজ করা স্থানীয় শ্রমিক। সুড়ঙ্গ ধসের পর আরও বহু শ্রমিক মাটি ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তবে এখন পর্যন্ত কোনো বিশেষায়িত সরকারি বা পেশাদার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
উদ্ধার অভিযানে স্থানীয়দের আকুতি
দুর্ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা কোদাল ও সাধারণ হাতিয়ার ব্যবহার করে জমে থাকা বালুময় মাটি সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। রাতভর উদ্ধারকাজে অংশ নেওয়া খায়ের আল-সাইয়েদ জাবারা নামের এক প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া শ্রমিক জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন। কিন্তু ভারী উদ্ধার যন্ত্রপাতি ও পর্যাপ্ত সরঞ্জাম ছাড়া তাদের দ্রুত বের করে আনা অসম্ভব হয়ে পড়েছে।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, খনিটিতে শ্রমিকদের জন্য ন্যূনতম মৌলিক নিরাপত্তা অবকাঠামো ছিল না। স্থানীয় সূত্রগুলো মনে করছে, নিরাপত্তাব্যবস্থা ও দ্রুত উদ্ধার সরঞ্জাম না থাকার কারণেই প্রাণহানির সংখ্যা এত বেশি হয়েছে। উদ্ধার তৎপরতা ধীরগতিতে চলায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
আফ্রিকা মহাদেশের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সুদান অন্যতম। তবে দেশটির উৎপাদিত স্বর্ণের একটি বড় অংশই আহরণ করা হয় পুরোনো ও অননুমোদিত খনি থেকে, যেখানে কোনো ধরনের আধুনিক সুরক্ষা ছাড়াই ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে কাজ করেন শ্রমিকেরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











