শুটিংয়ে গুরুতর চোট পেয়ে ছয় সপ্তাহের বিশ্রামে রাশমিকা মান্দানা
শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ শারীরিক বিশ্রামে থাকতে হবে। তিনি পুরোপুরি সুস্থ হওয়ার পর পুনরায় শুটিং ফ্লোরে ফিরবেন বলে জানা গেছে।
‘রাণাবলী’ এবং ‘মাইসা’ নামের দুটি চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ছবিগুলোতে অ্যাকশন ও নাচের বেশ কিছু জটিল দৃশ্য রয়েছে। তেমনই একটি দৃশ্যের শুটিং করার সময় তিনি নিতম্ব ও কোমরের মধ্যবর্তী অংশে তীব্র আঘাত পান। এতে তার একটি পেশিতন্তু বা মাসল ফাইবার মারাত্মকভাবে ছিঁড়ে গেছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার অ্যাথলেট বা নিয়মিত কঠোর অনুশীলনকারী অ্যাথলেটদের ক্ষেত্রে দেখা যায়। একজন অভিনয়শিল্পীর ক্ষেত্রে এমন গুরুতর আঘাতের ঘটনা তাদেরও বিস্মিত করেছে। দ্রুত সেরে ওঠার জন্য তাকে সব ধরনের শারীরিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। বর্তমানে তিনি স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘রাণাবলী’ ছবিতে কাজ করছেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঐতিহ্যবাহী ও রাজকীয় আয়োজনে বিজয় ও রাশমিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে হায়দরাবাদে আয়োজিত তাদের বিবাহোত্তর সংবর্ধনায় বিনোদন জগতের তারকাদের উপস্থিতি দেখা যায়। এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে এই জুটিকে একসঙ্গে দেখা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











