ভিডিও গেমের তাণ্ডব বাস্তব জগতে: ট্রেলারে মিলল ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর চমক

৩০ জুলাই ২০২৬ - ১৮:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভিডিও গেমের তাণ্ডব বাস্তব জগতে: ট্রেলারে মিলল ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর চমক
ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি ‘জুমানজি’র শেষ কিস্তির ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচার্স। সিরিজের নতুন ও চূড়ান্ত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’। সদ্য প্রকাশিত ট্রেলারে আগের দুই পর্বের তুলনায় গল্পে এক বড় পরিবর্তনের আভাস মিলেছে।

​পূর্বে ‘জুমানজি’র গল্পে দেখা গেছে, মূল চরিত্র স্পেন্সার ও তার বন্ধুরা একটি ভিডিও গেমের ভেতরে আটকা পড়ে রোমাঞ্চকর সব অভিযানে অংশ নিত। তবে নতুন পর্বে পুরো বিষয়টি উল্টে গেছে। এবার গেমের ভেতরে মানুষ আটকা পড়ার বদলে ভিডিও গেমের চরিত্রগুলোই চলে আসে বাস্তব পৃথিবীতে, যা থেকেই শুরু হয় নানা বিশৃঙ্খলা ও ভয়ংকর সব ঘটনা।

​ট্রেলারের দৃশ্য অনুযায়ী, গেমের চার কেন্দ্রীয় চরিত্র—ডক্টর ব্রেভস্টোন, প্রফেসর ওবেরন, রুবি রাউন্ডহাউস এবং মাউস ফিনবার সরাসরি মানুষের জগতে হাজির হয়। কেবল তারাই নয়, তাদের পেছনে পেছনে বাস্তব দুনিয়ায় প্রবেশ করে জুমানজি গেমের বিপজ্জনক বন্য প্রাণীরাও। উটপাখি, গন্ডার, ষাঁড় ও বিশাল আকৃতির গিরগিটির তাণ্ডবে চারপাশের পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে।

​শেষ পর্বেও পূর্বের মতো গেমের চরিত্রগুলোতে অভিনয় করছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলান। আর বাস্তব জগতের চার কিশোর-কিশোরীর ভূমিকায় দেখা যাবে অ্যালেক্স উলফ, মরগান টার্নার, সারডারিয়াস ব্লেইন ও ম্যাডিসন আইসম্যানকে। আগের দুই কিস্তির ধারাবাহিকতায় এবারও সিনেমাটির পরিচালনায় রয়েছেন জেক কাসডান।

​লেখক ক্রিস ভ্যান অলসবার্গের জনপ্রিয় শিশুতোষ বইয়ের ওপর ভিত্তি করে ১৯৯৫ সালে প্রথম ‘জুমানজি’ নির্মিত হয়েছিল। পরবর্তীতে ২০১৭ সালে জাদুকরি বোর্ড গেমের স্থান ডিজিটাল ভিডিও গেমের মাধ্যমে রূপান্তর করে নির্মিত হয় ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এরপর ২০১৯ সালে মুক্তি পায় ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’। এই দুটি কিস্তি বিশ্বজুড়ে বক্স অফিসে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারেরও বেশি আয় করতে সক্ষম হয়।

​ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। কেননা এর এক সপ্তাহ আগে, ১৮ ডিসেম্বর, মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিউন: পার্ট থ্রি’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ফলে চলতি বছরের শেষভাগে বক্স অফিসে হলিউডের এই তিন বড় বাজেটের চলচ্চিত্রের মধ্যে এক তীব্র লড়াই প্রত্যক্ষ করবেন দর্শকরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0