গুলশানের চামেলি’ চলচ্চিত্রে শক্তিশালী চরিত্রে যুক্ত হচ্ছেন আজমেরী হক বাঁধন
নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’তে দেখা যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। ছবিটিতে একজন আইনজীবীর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁধন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনেমাটির গল্প এবং এর আয়োজন তাঁর মনপূত হয়েছে। ইতোমধ্যে নির্মাতা ইকবালের সঙ্গে মৌখিক আলোচনা শেষ হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব দেওয়ার ধরন ও সহশিল্পীদের উপস্থিতি বিবেচনায় নিয়ে তিনি প্রজেক্টটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ এবং ‘এশা মার্ডার’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে বাঁধনের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সম্প্রতি তাঁর অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে। ক্যারিয়ারের এই বাঁকে নতুন ধরনের ঘরানার সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে বাঁধন জানান, সবসময় এক ধারার কাজ পাওয়া সম্ভব নয়। একজন শিল্পী হিসেবে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে এবং নিজেকে আরও বিকশিত করতেই বাণিজ্যিক ঘরানার এই উদ্যোগে যুক্ত হওয়া।
রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালের অন্ধকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। চলচ্চিত্রটিতে মূল নাম ভূমিকায় থাকছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অভিনেত্রী মধুমিতা সরকার। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আমিন খান, রোজিনা ও আশীষ খন্দকারের মতো পরিচিত মুখদের। চলতি বছরের ডিসেম্বরেই সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











