১০০ কোটির মাইলফলক ছুঁয়ে সামান্থার আবেগঘন বার্তা

১৩ জুলাই ২০২৬ - ০৭:৩৫
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১০০ কোটির মাইলফলক ছুঁয়ে সামান্থার আবেগঘন বার্তা
দক্ষিণী চলচ্চিত্রের অভিসেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমাটি বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির ব্যবসা করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। নারীপ্রধান তেলেগু চলচ্চিত্রের ইতিহাসে এটিকে অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বক্স অফিসের এই অনন্য কীর্তিতে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অভিনেত্রী।

​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সামান্থাকে সিনেমাটির সর্বশেষ আয়ের হিসাব দেখাচ্ছেন। স্ক্রিন খোলার পর বক্স অফিস কালেকশন ১০০ কোটি রুপি পার হওয়ার খবর দেখে সামান্থা রীতিমতো বিস্মিত হন। এরপর অত্যন্ত আনন্দিত চিত্তে তাকে বলতে শোনা যায়, ‘আমরা ১০০ কোটি করেছি।’

​এই ভিডিওর ক্যাপশনে সামান্থা অতীতের কিছু কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, সিনেমাটি মুক্তির পূর্বে অনেকেই এর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এমনকি একজন প্রদর্শক তাকে সরাসরি বলেছিলেন যে, বড় কোনো পুরুষ তারকা না থাকলে দর্শকরা প্রেক্ষাগৃহে নারীপ্রধান সিনেমা দেখতে আগ্রহী হন না।

​সেই পুরোনো স্মৃতিরোমন্থন করে সামান্থা বলেন, সমাজে বা ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আনতে গেলে ঝুঁকি গ্রহণ করা আবশ্যক। তার দৃঢ় বিশ্বাস, ‘মা ইনতি বাঙ্গারাম’ চলচ্চিত্রের এই বিশাল সাফল্য আগামী দিনে নারীপ্রধান গল্প ও সিনেমার প্রতি প্রদর্শক ও সাধারণ দর্শকদের মানসিকতা বদলে দিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

​নন্দিনী রেড্ডির পরিচালনায় এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রাজ নিদিমোরু, সামান্থা রুথ প্রভু এবং হিমান্ক রেড্ডি দুভুরু। এটি নির্মিত হয়েছে ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে। গত ১৯ জুন মুক্তি পাওয়ার পর সিনেমাটি ইতোমধ্যে তার মূল বাজেটের তিন গুণেরও বেশি আয় করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে একক নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে বিশ্বব্যাপী শত কোটি রুপি আয়ের প্রথম রেকর্ড গড়ল এটি। চলচ্চিত্রটিতে সামান্থা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী ও আনন্দ।

​পেশাগত জীবনের এই বড় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও খুশির হাওয়া লেগেছে এই অভিনেত্রীর সংসারে। গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। সিনেমাটির শত কোটি রুপি আয়ের উদযাপনের মাঝেই এই তারকা দম্পতি জানান, তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন সামান্থা। সব মিলিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন—উভয় ক্ষেত্রেই দারুণ সময় পার করছেন এই দক্ষিণী তারকা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0