রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে আগামী মাসেই: রুশ রাষ্ট্রদূত
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী এক মাসের মধ্যে প্রথম পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নিয়ে পুরোদমে কাজ চলছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকল্পের কারিগরি দিকগুলোর সমাধান ত্বরান্বিত করতে বর্তমানে প্রায় চার হাজার রুশ প্রকৌশলী ও বিশেষজ্ঞ সেখানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে সংস্থাটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ প্রসার এবং সার্বিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
যৌথ বিজনেস কাউন্সিল ও মস্কো ফোরামের উদ্যোগ
দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে একটি যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বিটুবি (B2B) বৈঠকের মাধ্যমে দুদেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ জোরদার করাই এই ফোরামের মূল উদ্দেশ্য।
পণ্য ও জনশক্তি রপ্তানির নতুন সুযোগ
বৈঠকে তৈরি পোশাকের পাশাপাশি তৈরি পোশাক বহির্ভূত নতুন খাতগুলোতে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক। তিনি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক এবং রাশিয়ায় দক্ষ জনশক্তি পাঠানোর ওপর বিশেষভাবে জোর দেন।
এর জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আইনি ও প্রক্রিয়াগত দিক পর্যালোচনা করছে। এছাড়া তীব্র শীতের কারণে সেখানে ভারী চামড়াজাত পণ্য ও জুতার ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে সুযোগ বাড়ায় সাম্প্রতিক মাসগুলোতে প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শ্রীলঙ্কা এক্সপোতে অংশগ্রহণের আমন্ত্রণ
এদিকে একই দিন বিকেলে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি জানান, আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোতে ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বাণিজ্য মেলায় এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশি বাণিজ্য প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি, যাতে ইতিবাচক সাড়া দেন এফবিসিসিআই প্রশাসক।
উভয় বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ রাশিয়ার দূতাবাস ও শ্রীলঙ্কার হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











