দ্বিতীয় দিনে ২৯ রান যোগ করেই অলআউট বাংলাদেশ, প্রথম ইনিংসে সংগ্রহ ৩৪৮
স্বীকৃত ব্যাটাররা আগেই বিদায় নেয়ায় দ্বিতীয় দিনে কত দূর যাবে বাংলাদেশের প্রথম ইনিংস, তা একপ্রকার নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই বাস্তব রূপ নিয়েছে। আগের দিনের ৮ উইকেটে ৩১৯ রানের সঙ্গে আরও ২৯ রান যোগ করতেই গুটিয়ে গেছে টাইগারদের প্রথম ইনিংস। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলতে পেরেছে ৩৪৮ রান।
শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে স্বাগতিক ব্যাটাররা মাত্র ৫১ বল ক্রিজে অবস্থান করতে পেরেছেন। এ সময় দলের সংগৃহীত রানের বড় অংশই এসেছে নাঈম হাসানের ব্যাট থেকে। শেষ পর্যন্ত তিনি ৬৭ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে আগের দিনের অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম ২০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। আর শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসা এবাদত হোসেন ৭ বল খেলে কোনো রান না করেই আউট হন।
এর আগে প্রথম দিন তানজিদ হাসান তামিমের ৮৩ রানের আক্রমণাত্মক ইনিংস এবং ওপেনিং সঙ্গী সাদমান ইসলামের ৬৩ রানে ভর করে বড় সংগ্রহের পথ তৈরি করে বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারে মুশফিকুর রহিম দ্রুত বিদায় নেওয়ার পর অন্যান্য ব্যাটাররা ক্রিজে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। লিটন দাসের ব্যাট থেকে আসে তৃতীয় সর্বোচ্চ ৫৩ রান।
আফগানিস্তানের পক্ষে বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন মোহাম্মদ সেলিম। তিনি ৮২ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











