ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তিতে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) গৌরবময় ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এই উৎসবের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজেরই সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান ঢামেক প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষায় অর্জুন ও নিম গাছের দু’টি চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে সেখানে সুরা ফাতিহা পাঠ করা হয়। এরপর গত জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের পরবর্তী অংশে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বি. জে. মীর সরোয়ার শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের দু’টি ছাত্রী হোস্টেল নির্মাণসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী নির্মাণাধীন হোস্টেল ভবনে শিক্ষার্থীরা কী কী ধরনের আধুনিক সুযোগ-সুবিধা পাবেন, সে বিষয়ে গভীর আগ্রহ নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
উল্লেখ্য, ১৯৪৬ সালের ১১ জুলাই তৎকালীন সচিবালয় ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতিবছর এই দিনটিকে ‘ডিএমসি ডে’ হিসেবে সাড়ম্বরে উদযাপন করা হয়। এ বছর গৌরব ও সাফল্যের ৮০ বছর পূর্ণ করে ৮১তম বছরে পদার্পণ করল ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুণ আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











