২২ বছর পর গৌরনদী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরকালে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গৌরনদী উপজেলায় আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এর আগে, ২০০৩ সালে তারেক রহমান সর্বশেষ গৌরনদী সফর করেছিলেন। তৎকালীন সময়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে গৃহীত কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
পুরোনো সেই সফরের স্মৃতিচারণ করে তৎকালীন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক এবং বর্তমানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, ২০০৩ সালে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কাজ উদ্বোধনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তার এই গৌরনদী আগমন স্থানীয় জনগণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এদিকে সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে রাজনৈতিক মহলে। উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান জানান, দলীয়ভাবে তারা প্রধানমন্ত্রীর এই সফরের বার্তা পেয়েছেন এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা মাঠপর্যায়ে পুরোদমে কাজ করছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় সফরটি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











