বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জামায়াত আমির, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তিনি উপজেলার গুনাগরী ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শনে যান। এ সময় বন্যাকবলিত অঞ্চলের সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির চিত্র তিনি সরেজমিন প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে জামায়াত আমির প্লাবিত এলাকার হাঁটুপানিতে নেমে সরাসরি দুর্গত পরিবারগুলোর বাড়ি বাড়ি যান। তিনি পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।
দুর্গত মানুষের দুর্দশা দেখে ডা. শফিকুর রহমান বলেন, যেকোনো দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো একটি প্রধান মানবিক দায়িত্ব। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা সবার কর্তব্য। তিনি জানান, জামায়াতে ইসলামী সর্বদা সামর্থ্য অনুযায়ী বানভাসি মানুষের পাশে থাকবে এবং পুনর্বাসন ও সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ তাদের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান।
উক্ত ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শন কর্মসূচিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাঁশখালীর কর্মসূচি শেষ করে তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উদ্দেশে রওনা হন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











