যান্ত্রিক ত্রুটি: আকাশে চক্কর দিয়ে শাহজালালে বিমানের জরুরি অবতরণ, বন্ধ ছিল রানওয়ে

১০ অক্টোবর ২০২৬ - ১৭:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যান্ত্রিক ত্রুটি: আকাশে চক্কর দিয়ে শাহজালালে বিমানের জরুরি অবতরণ, বন্ধ ছিল রানওয়ে
ছবি সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আকাশে কয়েকবার চক্কর দেওয়ার পর শনিবার (১০ অক্টোবর) বিকাল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে মাটিতে নামে। এ সময় কোনো যাত্রী বা ক্রু ক্ষতিগ্রস্ত হননি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরে প্রায় আধা ঘণ্টা সব ধরনের উড়োজাহাজ ওঠানামা স্থগিত রাখা হয়।

​বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, কক্সবাজার থেকে আসা বিজি-৪৩৬ নম্বর ফ্লাইটটি কারিগরি ও অনিবার্য পরিচালনাগত কারণে গন্তব্যে পৌঁছাতে কিছুটা বিলম্ব করে। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির (রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই) পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) জরুরি বার্তা পাঠান।

​নিরাপদ অবতরণের লক্ষ্যে উড্ডয়নরত অবস্থায় ওজন কমাতে ও জ্বালানি সরবরাহ সমন্বয় করতে পাইলট আকাশে একাধিক চক্কর দেন। ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা যায়, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় এবং ঘণ্টায় ১৮৮ নট গতিতে কিছুক্ষণ অবস্থান করে।

​এদিকে পরিস্থিতি মোকাবিলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ জরুরি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে অভিজ্ঞ পাইলট দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে বিমানটি অবতরণ করান। সাময়িক এই বিলম্বের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0