সৌদি আরব ও পবিত্র মক্কা-মদিনা সুরক্ষায় কোনো আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তাসহ যেকোনো সহযোগিতায় বাংলাদেশ সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন, মক্কা ও মদিনার বিষয়ে বিন্দুমাত্র ছাড় বা আপস করবে না বাংলাদেশ।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এর আগে সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। দুই দেশের মধ্যে সর্বাঙ্গীন অংশীদারিত্ব গড়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তায় সৌদি আরবের শক্তিশালী অংশীদার হিসেবে কাজ করছে বাংলাদেশ। এছাড়া মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও ইতিবাচক আলোচনা চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই চুক্তি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের ক্রাউন প্রিন্স এবং সেই আমন্ত্রণ গ্রহণও করা হয়েছে। পাশাপাশি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি জানান।
বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের নতুন রূপরেখা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, নির্ভরতার দিন পেরিয়ে এখন বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্বের যুগ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে বিশ্বের সঙ্গে সমান তালে ব্যবসা ও অংশীদারিত্বের পথে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপ দেওয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











