দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুরুর দুই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য বাড়তে পারে। তবে বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আগামী ১২০ ঘণ্টার এই আবহাওয়া পূর্বাভাস প্রকাশ করেন।
দিনভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দপ্তর জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। একই সাথে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার পাশাপাশি তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসের শেষ দিনে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা থাকলেও সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











