সাইবার সুরক্ষায় বাকস্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইনে নাগরিকের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
আইআরআই-এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ডিরেক্টর জানান, দেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা বর্তমানে অনলাইনে সংগঠিত অপপ্রচার ও সাইবার বুলিংয়ের কারণে হয়রানির শিকার হচ্ছেন। সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা এবং যুব নেতৃত্ব বিকাশে কাজ করা এ সংস্থাটির পক্ষ থেকে তিনি সরকারি ও বিরোধী সব রাজনৈতিক দলের জন্য আইনগত সুরক্ষার ওপর জোর দেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে প্রত্যেকেরই স্বাধীনভাবে মতামত দেওয়া ও গঠনমূলক সমালোচনা করার অধিকার রয়েছে। তবে অপপ্রচার চালিয়ে চরিত্রহন করা বা গালিগালাজ করা মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ২০২৬
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী জানান, গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হচ্ছে। আইনটির মূল উদ্দেশ্য হলো ডিজিটাল মাধ্যমে শালীনতা ফেরানো, নারী ও তরুণদের বুলিং থেকে রক্ষা করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুসংহত করা, যাতে নতুন কোনো আইনের অপব্যবহার না ঘটে।
বৈঠকে আইআরআই প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতি চর্চাকারী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান আলোচনার বিষয়াবলি নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











