পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন: সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অগ্রাধিকার নির্ধারণ, গৃহীত কার্যক্রমের বাস্তবায়ন তদারকি এবং সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের লক্ষ্যে ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। ১৯ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির।
কমিটির সদস্য ও প্রশাসনিক কাঠামো
পুনর্গঠিত জাতীয় কমিটিতে ৯ জন মন্ত্রী ও উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে আরও অন্তর্ভুক্ত আছেন—মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পার্বত্য ৩টি জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক।
কমিটির কাজের গতিশীলতা নিশ্চিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়ককে প্রধান সমন্বয়ক এবং ডিজিএফআইয়ের মহাপরিচালককে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ এই কমিটির প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কাজের সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করবে।
কার্যপরিধি ও ক্ষমতা
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় কমিটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করবে। একইসঙ্গে এসব কাজের আয়-ব্যয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করবে।
পার্বত্য চট্টগ্রামে কর্মরত বিভিন্ন নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর কর্মক্ষেত্র ও কার্যপরিধি নির্ধারণেরও দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। পাহাড়ি অঞ্চলের সার্বিক উন্নয়নে জাতীয় কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করবে এই প্যানেল। কাজের স্বার্থে কমিটি প্রয়োজন অনুযায়ী যেকোনো মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সভায় আমন্ত্রণ জানানোর এখতিয়ার রাখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











