৩২টি শিশু খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
দেশের বাজারে বিক্রি হওয়া শিশুদের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ ৩২ ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য অবিলম্বে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
আদালতে শুনানি ও বিবাদী
রিট আবেদনকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। দায়ের করা এই রিটে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
গবেষণায় ভারী ধাতুর উদ্বেগজনক উপস্থিতি
সম্প্রতি গত ৮ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘প্রক্রিয়াজাত খাবারেও ভারী ধাতু, বড় ঝুঁকিতে শিশুরা’ শিরোনামে প্রকাশিত গবেষণাভিত্তিক প্রতিবেদন যুক্ত করে এই আবেদনটি করা হয়। আন্তর্জাতিক সাময়িকী 'জার্নাল ফর ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস'-এ গত ২২ আগস্ট প্রকাশিত গবেষণায় দেখা যায়, দেশের বাজারে প্রচলিত ৩২টি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য পরীক্ষা করে সিসা, ক্যাডমিয়াম, আর্সেনিক, ক্রোমিয়াম, তামা ও নিকেল—এই ছয় ধরনের ক্ষতিকর ভারী ধাতুর ঘনত্ব পাওয়া গেছে। কয়েকটি খাবারে সিসা ও ক্রোমিয়ামের মাত্রা আন্তর্জাতিক সীমার চেয়ে কয়েকশ গুণ পর্যন্ত বেশি। বিশেষ করে পানীয়, বেকারি পণ্য ও চকলেটে মারাত্মক মাত্রায় সিসা শনাক্ত হয়েছে।
শিশুদের ক্যান্সারসহ গুরুতর ঝুঁকি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ের গবেষকদের যৌথ গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা ৩২টি খাদ্যপণ্যের মধ্যে ৩১টিই শিশুদের শরীরে ক্যান্সারসহ জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৯টি পণ্যে এমন ঝুঁকি ধরা পড়েছে। এসব খাবারে ক্রোমিয়াম ও নিকেলের উপস্থিতি শিশুদের জন্য স্বাস্থ্যের অনুমোদিত সীমার অনেক উপরে রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











