ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী
ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াতের সময় এবং দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পুরো রেলপথকে ইলেকট্রিক ট্রেন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে এই করিডরে ইলেকট্রিক ট্র্যাকশন বসানোর প্রয়োজনীয় নকশা ও সম্ভাব্যতা সমীক্ষার কাজ চূড়ান্ত হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।
রেলপথে আসছে ব্যাপক আধুনিকায়ন
প্রধানমন্ত্রী সংসদে জানান, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াত আরও দ্রুত ও সহজ করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে পুরো রেললাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং অত্যাধুনিক ইলেকট্রিক ট্রেন চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইলেকট্রিক ট্রেন পরিচালনার বর্তমান অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই করিডরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন (নকশা) প্রণয়নের কাজ ইতিপূর্বে সফলভাবে শেষ হয়েছে।
অর্থায়ন নিশ্চিত হলেই সময়সূচি
প্রকল্পটি কবে নাগাদ চালু হতে পারে—এমনি এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর এর বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। প্রয়োজনীয় অর্থ প্রাপ্তি সাপেক্ষে দ্রুততম সময়ে এটি বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার।
এই উদ্যোগটি পুরোপুরি বাস্তবায়িত হলে উক্ত রুটে উচ্চগতির ইলেকট্রিক ট্রেন চালানো সম্ভব হবে। এর ফলে ট্রেনের গড় গতি যেমন বৃদ্ধি পাবে, তেমনি যাত্রীদের ভ্রমণের সময়ও অনেকটাই কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











