ডেঙ্গু দমনে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধনে প্রধানমন্ত্রী
দেশে ডেঙ্গুর সংক্রমণ রোধে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে তিন মাসব্যাপী সমন্বিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করবেন। সরকারের পক্ষ থেকে আগামী তিন মাসকে ডেঙ্গুর জন্য চরম ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করে সর্বস্তরের জনগণকে এতে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত এক সভায় প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, শুধু মশা মারার ওষুধ ছিটানোর ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে সমন্বিত কাজ করার আহ্বান জানান তিনি।
সিদ্ধান্ত অনুযায়ী, মহানগরে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।
এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দল, স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে এডিস মশার প্রজননক্ষেত্র চিহ্নিত করবেন এবং মানুষকে সচেতন করবেন।
পাশাপাশি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











