উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে: জেনে নিন প্রয়োজনীয় খাদ্যাভ্যাস

০৯ জুলাই ২০২৬ - ০০:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে: জেনে নিন প্রয়োজনীয় খাদ্যাভ্যাস
উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে।

উচ্চ কোলেস্টেরল বর্তমান সময়ের একটি অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা, যা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। রক্তে অতিরিক্ত কোলেস্টেরল জমা হলে ধমনীর স্বাভাবিক রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যার ফলে করোনারি আর্টারি ডিজিজ, হৃদরোগ এবং স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তবে এই জটিল পরিস্থিতি এড়াতে বড় ভূমিকা রাখতে পারে সঠিক ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। অনেকেই ভাবেন কোলেস্টেরল কমানোর জন্য চর্বিযুক্ত খাবার পুরোপুরি বর্জন বা কঠোর ডায়েট জরুরি, কিন্তু আসল সমাধান লুকিয়ে রয়েছে একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার মধ্যে।

​আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, আঁশযুক্ত ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার শরীরে ক্ষতিকর এলডিএল (LDL) এবং উপকারী এইচডিএল (HDL) কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত ও স্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।

​হৃদযন্ত্রকে সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় দ্রবণীয় আঁশযুক্ত খাবার রাখা অত্যন্ত জরুরি। ওটস, বার্লি, শিম, মসুর ডাল, আপেল এবং বেরি জাতীয় ফলে প্রচুর দ্রবণীয় আঁশ থাকে, যা পরিপাকতন্ত্রে কোলেস্টেরলের সাথে যুক্ত হয়ে তা রক্তে মেশার আগেই শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। এছাড়া ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শাকসবজি, ব্রকলি, গাজর ও মৌসুমী ফল রক্তনালীকে সতেজ রাখে।

​খাদ্যতালিকা থেকে সব ফ্যাট বাদ না দিয়ে স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে আনস্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করা উচিত। মাখন বা ঘিয়ের অতিরিক্ত ব্যবহার কমিয়ে রান্নায় পরিমিত সরিষার তেল বা চিনাবাদামের তেল ব্যবহার করা যেতে পারে। বিস্কুট বা চিপসের মতো অস্বাস্থ্যকর স্ন্যাকসের বদলে প্রতিদিন এক মুঠো লবণবিহীন বাদাম, বীজ, অ্যাভোকাডো কিংবা তৈলাক্ত মাছ খাওয়া হৃদযন্ত্রের জন্য উপকারী। একই সাথে কেক, বেকারি পণ্য, প্রক্রিয়াজাত মাংস ও ফাস্ট ফুডের মতো অতিরিক্ত লবণ ও চিনিযুক্ত প্রক্রিয়াজাত খাবার পরিহার করে ঘরে তৈরি তাজা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। চিকিৎসকদের মতে, কোনো একক সুপারফুডের ওপর নির্ভর না করে সামগ্রিক সুষম খাদ্যাভ্যাসই কোলেস্টেরল নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0