চীনে জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ জনের মৃত্যু, শি জিনপিংয়ের শোক
চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ও বেইজিং থেকে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (০৪০০ জিএমটি) জিনজিয়াং শহরের ‘হুইতেং শুজ’ নামক কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। বহুতল ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কিছু শ্রমিক ভেতরে ও ছাদে আটকা পড়েন। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির ফুটেজে দেখা যায়, পুড়ে যাওয়া ভবনের ভাঙা জানালা দিয়ে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আটকা পড়াদের উদ্ধারে ঘটনাস্থলে ১৮৩ জন দমকলকর্মী ও ৩৫টি উদ্ধারকারী যানবাহন মোতায়েন করা হয়েছে। নিচতলায় আগুন লাগার কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বেশ কিছু শ্রমিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ঘটনাটিকে ‘ব্যাপক প্রাণহানি’ হিসেবে উল্লেখ করে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় কোনো ধরনের ঘাটতি না রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত সময়ের মধ্যে উদঘাটন করতে হবে এবং এই ঘটনার জন্য দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে।”
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আহতদের সুচিকিৎসা এবং উদ্ধার অভিযান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। উল্লেখ্য, বিগত কয়েক মাসে চীনে অগ্নিঝুঁকি এড়াতে বিশেষ অভিযান চলা সত্ত্বেও এই ধরনের বড় দুর্ঘটনা ঘটল। এর আগে গত নভেম্বরে হংকংয়ের বহুতল ভবনে আগুনে ১৬৮ জন এবং তার এক মাস পর গুয়াংডং প্রদেশে আবাসিক ভবনের আগুনে ১২ জন মারা যান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











