স্পেনের আদালতের সিদ্ধান্তে দ্বিপক্ষীয় সহযোগিতায় বাধা: ক্ষোভ প্রকাশ মরক্কোর রাজার
স্পেনের সঙ্গে চলমান অভিবাসন ইস্যু ও সাম্প্রতিক সংকট নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মরক্কোর পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখলেও, বারবার কেন একই সংকট তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার মরক্কোর পার্লামেন্টের নতুন অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে স্পেনের বর্তমান অভিবাসন ব্যবস্থাপনার সমালোচনা করেন রাজা।
বক্তব্যে রাজা ষষ্ঠ মোহাম্মদ স্পেনের কিছু সাম্প্রতিক আদালতের রায়কে ‘সেকেলে’ ও ‘অবাস্তব’ বলে আখ্যা দেন। তিনি জানান, এসব সিদ্ধান্তের কারণে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ব্যাহত হচ্ছে। একইসঙ্গে এসব আইনি জটিলতার সুযোগ নিয়ে ভুয়া আশ্রয়প্রার্থী ও অপ্রাপ্তবয়স্কদের প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং মানবপাচারকারী অপরাধী চক্রগুলো প্ররোচিত হচ্ছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে মরক্কো সীমান্ত পেরিয়ে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় অন্তত ৭০ হাজার মানুষ প্রবেশ করে। এদের একটি বড় অংশ ফিরে গেলেও কয়েক হাজার অপ্রাপ্তবয়স্ক ও অভিবাসী সেখানে অবস্থান নেয়। এ ঘটনার পর স্পেনের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রশাসনের তীব্র সমালোচনা করে এবং মরক্কোর ভূমিকা নিয়ে অভিযোগ তোলে। তবে মরক্কো এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভুল তথ্য ছড়ানো ও স্প্যানিশ আদালতের একটি রায়ের ভুল ব্যাখ্যার কারণেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
মরক্কোর রাজা স্পষ্ট করেন যে, স্পেনের সঙ্গে অংশীদারত্ব বজায় রাখা তাদের একটি সার্বভৌমিক সিদ্ধান্ত। কোনো ধরনের ব্ল্যাকমেইল, হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করে এই সম্পর্ক পরিচালিত হবে না। মরক্কো ভবিষ্যতে অর্থনৈতিক প্রতিযোগিতা, আঞ্চলিক স্থায়িত্ব ও যৌথ উন্নয়নের ভিত্তিতে অংশীদারদের সঙ্গে নতুন রূপরেখা নিয়ে কাজ করবে বলেও তিনি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











