মানবাধিকার হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার ‘কঠোর পাল্টা ব্যবস্থা’র হুঁশিয়ারি
মানবাধিকার লঙ্ঘনের অযুহাত তুলে দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের সাম্প্রতিক মানবপাচারবিষয়ক বার্ষিক প্রতিবেদনের তীব্র বিরোধিতা করে পিয়ংইয়ং স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের তথাকথিত মানবাধিকার প্রচারণাকেই তারা তাদের প্রধান লক্ষ্য বানিয়ে কঠোর পদক্ষেপ নেবে।
শনিবার (১০ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক প্রতিবেদনে এই অবস্থান তুলে ধরা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৬ সালের মানবপাচারসংক্রান্ত রিপোর্টের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এই প্রতিবেদনটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে বৈরী নীতি বাস্তবায়নে ওয়াশিংটন মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাচ্ছে বলে তিনি দাবি করেন।
মার্কিন প্রতিবেদনের সব পর্যবেক্ষণ প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং উল্টো অভিযোগ তুলে ধরে বলে, যুক্তরাষ্ট্র নিজেই বৃহৎ পরিসরে মানবপাচারের সাথে জড়িত। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত তৈরি করতেই ওয়াশিংটন প্রতিবছর এ ধরনের রিপোর্ট প্রকাশ করে থাকে। মুখপাত্র আরও বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার অপপ্রচার তাদের কঠোরতম পাল্টা ব্যবস্থার মুখে পড়বে। তবে ওয়াশিংটনের বিরুদ্ধে ঠিক কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপের সূত্রমতে, প্রকাশিত মার্কিন প্রতিবেদনে উত্তর কোরিয়াকে টানা ২৪ বছরের মতো সর্বনিম্ন স্তর বা 'টায়ার-৩'-এ রাখা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জোরপূর্বক শ্রম আদায় এবং মানবপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ এনে দেশটিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অতীতেও উত্তর কোরিয়ার বন্দিশালা ও বিদেশে কর্মরত শ্রমিকদের জোরপূর্বক শ্রমে খাটানোর অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র, যা পিয়ংইয়ং সবসময়ই ভিত্তিহীন বলে অস্বীকার করে আসছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











