দিল্লিতে বিক্ষোভের জেরে মুম্বাইয়ে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী

১০ অক্টোবর ২০২৬ - ১৪:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দিল্লিতে বিক্ষোভের জেরে মুম্বাইয়ে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককোরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচির সমর্থনে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। মুম্বাই পুলিশ তাকে ও তার কয়েকজন সহযোগীকে আটক করেছে।

​শনিবার (১০ অক্টোবর) বিকেলে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী আগস্ট ক্রান্তি ময়দানে তুষার গান্ধীর নেতৃত্বাধীন ‘হাম ভারত কে লোগ’ সংগঠনের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বিকেল সাড়ে তিনটায় নির্ধারিত সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথেই মুম্বাই পুলিশ তুষার গান্ধীকে নিজ হেফাজতে নেয়। পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধীকে আটক করে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

​তবে আটক পরবর্তী এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট (এক্স)-এ তুষার গান্ধী অভিযোগ করেন, তাকে পুলিশ গ্রেপ্তার করে অজানা জায়গায় নিয়ে গেছে। আটক অবস্থায় তিনি জানান, তাকে গ্রেপ্তার করা হলেও আগস্ট ক্রান্তি ময়দানের কর্মসূচি অব্যাহত থাকবে।

​এদিকে সমাবেশ কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে আন্ধেরি এলাকা থেকে উক্ত সামাজিক সংগঠনের সহসভাপতি গুড্ডি এসএল-সহ কয়েকজন কর্মীকেও আটক করে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়।

​সমাবেশের বিষয়ে মুম্বাই পুলিশ জানায়, অনুমোদিত বা নির্ধারিত আবেদন জমা না পড়ায় এবং আগস্ট ক্রান্তি ময়দানে প্রকাশ্যে সভা-সমাবেশের আইনি নিষেধাজ্ঞা থাকায় এ কর্মসূচির কোনো অনুমোদন দেওয়া হয়নি। অন্যদিকে আয়োজক পক্ষের দাবি, অনুমতি চেয়ে পূর্বে ইমেইল পাঠানো হলেও কর্তৃপক্ষের থেকে কোনো জবাব পাওয়া যায়নি। উল্লেখ্য, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে সাধারণ নাগরিকদের শনিবারের এই প্রতিবাদ সভায় সংহতি জানানোর আহ্বান জানিয়েছিলেন তুষার গান্ধী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0