ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত
ওমানের পূর্ব উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ ‘এমভি কেপ দাও’-এ টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। একই সঙ্গে জাহাজে থাকা অপর ১৯ জন ভারতীয় নাবিককে নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) একটি বিবৃতির সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।
নিহত ওই নাবিকের নাম সুরজ যাদব। তিনি ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা। ঘটনাটিতে শোক প্রকাশ করার পাশাপাশি নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে উদ্ধারকৃত নাবিকদের দ্রুত স্বদেশে ফিরিয়ে আনতে মাসকাটে অবস্থানরত ভারতীয় দূতাবাস ওমানের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক সমন্বয় বজায় রেখে কাজ করছে।
হামলার পরিস্থিতি বিবরণ দিয়ে নাবিকদের অধিকার সংক্রান্ত সংগঠন ‘ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া’ (এফএসইউআই) জানিয়েছে, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে। প্রথম টর্পেডোটি জাহাজের বাম পাশের ‘সি-ডেকে’ আঘাত করে, যেখানে নাবিকদের থাকার সুব্যবস্থা ছিল। দ্বিতীয় টর্পেডোটি ইঞ্জিন কক্ষের কাছাকাছি জাহাজের হালে আঘাত হানে।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২০ জন ভারতীয় নাগরিক। তবে ওমানে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্যে উদ্ধার হওয়া ভারতীয় নাবিকের সংখ্যা ১৯ জন উল্লেখ করা হয়েছে।
এফএসইউআই এই হামলার পর আন্তর্জাতিক নৌপথে নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে নিরীহ নাবিকদের ওপর এ জাতীয় আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
এদিকে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরণের হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনা পরিহার করে সংলাপ ও কূটনৈতিক পর্যালোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা এবং আন্তর্জাতিক নৌপথে অবাধ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











