দেশে ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছুঁইছুঁই: ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, ভর্তি ১৬৩১
দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত একদিনে মারা যাওয়া চার রোগী বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চলতি বছরের মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন ডেঙ্গুতে মারা যান। তবে সেপ্টেম্বরে সংক্রমণ ও মৃত্যুর হার মারাত্মক রূপ নেয়; ওই মাসে ১৪৮ জন প্রাণ হারান। আর অক্টোবরের প্রথম ১০ দিনেই প্রাণ হারিয়েছেন ৫৪ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৬৩১ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০৬ জন রয়েছেন। ঢাকার বাইরে সর্বোচ্চ ২৩৪ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ২১৯, খুলনায় ১৮৪, রাজশাহীতে ১৪১, রংপুরে ৭৫, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৭ হাজার ৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৭৪ জন রোগী চিকিৎসাধীন আছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











