একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:১০
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

​অনুমোদিত প্রকল্পগুলোর বিবরণ অনুযায়ী, এর মধ্যে ৭টি নতুন প্রকল্প এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে। মোট বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকার সংস্থান করা হবে।

​অনুমোদন লাভ করা ১২টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সর্বোচ্চ পাঁচটি প্রকল্প রয়েছে। এগুলো হলো—ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা মেট্রোরেলের লাইন-৫ (সাউদার্ন রুট), রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়কসমূহ মানসম্মত ও প্রশস্তকরণ প্রকল্প এবং মেট্রোরেলের লাইন-৫ (নর্দান রুট) ও লাইন-১-এর প্রথম সংশোধিত প্রকল্প।

​রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া দুটি প্রকল্পের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধন) প্রকল্প।

​প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বরিশালে দ্বিতীয় পর্যায়ের সেনানিবাস স্থাপন এবং খুলনা নৌ অঞ্চলে সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

​অন্যান্য অনুমোদিত প্রকল্পের তালিকায় রয়েছে—পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় খুলনা পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (১ম সংশোধন), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে টেক্সটাইল ও চামড়া খাতের কর্মীদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রকল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ (১ম সংশোধন) প্রকল্প।

​এর পাশাপাশি পূর্বে পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ১৫টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তর নির্মাণ, ভাসানচরে গ্রিন বেল্ট তৈরি ও কক্সবাজার বনায়ন, অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, রংপুর জোনের ঝুঁকিপূর্ণ বেইলি সেতু প্রতিস্থাপন, আরডিএ ভবন সম্প্রসারণ, সিলেট বিভাগের বন্যা পূর্বাভাসের জন্য থ্রি-ডি ডিজিটাল মডেল তৈরি এবং সিলেট-১০ নম্বর কূপ খনন প্রকল্প।

​উক্ত একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরদার এম এ মুহিত এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0