মিরপুরে টিসিবির পণ্য কেনার লাইনে সীমানা প্রাচীর ধসে নিহত ২, আহত ৬

২৮ জুলাই ২০২৬ - ১৮:০৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মিরপুরে টিসিবির পণ্য কেনার লাইনে সীমানা প্রাচীর ধসে নিহত ২, আহত ৬
ছবি সংগৃহিত

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ভেঙে পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। মঙ্গলবার দুপুরে লাভ রোড ও মন্দির রোড সংলগ্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতদের মধ্যে নাছিমা বেগম নামের এক নারী রয়েছেন, যিনি পাশের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। নিহত অন্যজন প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষ, তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

​প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে কলেজের সীমানা প্রাচীরের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন অনেক মানুষ। এ সময় আচমকা পেছনের পুরনো প্রাচীরটি ভেঙে পড়ে। এতে প্রাচীরের নিচে বেশ কয়েকজন নারী-পুরুষ চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত বাড়ান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে নাছিমা বেগমকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপর এক পুরুষের মৃত্যু ঘটে। এই হাসপাতালে আরও এক নারী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

​এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, প্রাচীর ভেঙে ফুটপাতে পড়লে প্রায় সাত থেকে আটজন চাপা পড়েন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতরা টিসিবির লাইনে ছিলেন নাকি পথচারী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সড়ক ও ফুটপাতে অনেক মানুষের চলাচল ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0