দীর্ঘ এক বছর পর চালু হলো বিজি-৩৭৬: ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় উদ্বোধন

২৭ জুলাই ২০২৬ - ১৩:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দীর্ঘ এক বছর পর চালু হলো বিজি-৩৭৬: ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় উদ্বোধন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত ঢাকা-নারিতা ফ্লাইটের উদ্বোধন করেন। ছবি:সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হলো। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে স্থগিত থাকার পর পুনরায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহুল প্রতীক্ষিত ঢাকা-নারিতা সরাসরি রুট। এই সেবা চালু হওয়ায় দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ক্ষেত্র এবং দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করছে সরকার।

​সোমবার (২৭ জুলাই) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফ্লাইটের শুভ উদ্বোধন করা হয়। এতে ফিতা কেটে ফ্লাইটের যাত্রা সূচনা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

​উদ্বোধনী পর্বের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, “ভবিষ্যতে এই লাভজনক সেবা আর কখনো বন্ধ হওয়ার অবকাশ নেই। যাত্রী চাহিদার ইতিবাচক বাস্তবতায় ইতোমধ্যে উদ্বোধনী যাত্রার পাশাপাশি পরবর্তী একাধিক ফ্লাইটের বুকিংও পূর্ণ হয়েছে, যা প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।” তিনি এ উদ্যোগকে প্রধানমন্ত্রীর নির্দেশনার সফল বাস্তবায়ন হিসেবে আখ্যা দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার প্রবাসী বাংলাদেশী—যার মধ্যে শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীরা রয়েছেন—তাদের সুবিধা এবং জাতীয় স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বিমানের বহরে বোয়িং-এর পাশাপাশি নতুন এয়ারবাস যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। বক্তব্যে তিনি আশির দশকে এই রুটের সূচনালগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশেষ উদ্যোগ ও অবদানের বিষয়টি শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

​উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তানুযায়ী ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হওয়া এ রুটে প্রথম ফ্লাইট (বিজি-৩৭৬) ২৭ জুলাই রাত ২টা ২৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে রাজধানী ছেড়ে যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0