শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনা ও জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
pরাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর আদালতে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন চূড়ান্তভাবে যাচাই-বাছাই শেষে এই মামলায় ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে।
চিফ প্রসিকিউটর আরও নিশ্চিত করেন যে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক বাহিনীর প্রধান এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার পর্যাপ্ত সাক্ষ্য ও প্রমাণ পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে দায়ের করা ওই প্রাথমিক আবেদনে ২১ জনকে অভিযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত শেষে ৪১ জনের নামে অভিযোগ আনা হলো।
এই মামলায় বর্তমানে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











