চীন, যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

২৬ জুলাই ২০২৬ - ২০:৫৮
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চীন, যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত 'বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ' বিষয়ক এক সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য প্রকাশ করেন।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। তারা দেশের কোন কোন খাতে পুঁজি বিনিয়োগ করতে চায়, তা নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং বিদেশি বিনিয়োগকারীদের অনেকেই বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ বিকাশ কর্তৃপক্ষের (বিডা) পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় রেখে কাজ চালাচ্ছেন।

​বিনিয়োগ আসা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, বিনিয়োগ কোনো নির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ হিসেব করে আসে না, এর একটি নির্দিষ্ট কৌশলগত গতিধারা রয়েছে যা বর্তমানে বেশ ইতিবাচকভাবে এগোচ্ছে।

​বিনিয়োগ পরিবেশ ও বিদ্যমান নানা প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দেশি-বিদেশি এবং প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন ধরণের প্রশাসনিক ও বাণিজ্যিক সমস্যার মুখোমুখি হতে হয়। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি অত্যন্ত ভঙ্গুর অর্থনীতি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের ব্যাংকিং খাত এবং শেয়ারবাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং গতিশীল করার জন্য প্রয়োজনীয় নীতি ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছে সরকার।

​বিনিয়োগের অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রসমূহ চিহ্নিত করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারের প্রাথমিক তালিকার মধ্যে জ্বালানি খাত অন্যতম। এছাড়া তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল, কৃষি ও কৃষিভিত্তিক অন্যান্য শিল্পে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

​একই সাথে তিনি সৃজনশীল অর্থনীতি, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্পোর্টস বা ক্রীড়া খাত এবং শিল্প-সংস্কৃতিতেও বৈদেশিক অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে তার মন্ত্রণালয় 'ক্রীড়া কূটনীতি' বা স্পোর্টস ডিপ্লোম্যাসিকে কাজে লাগিয়ে কাজ করে যাচ্ছে। এতে প্রান্তিক জনগোষ্ঠী ও কুটির শিল্প লাভবান হবে।

​এদিকে ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগর কেন্দ্রিক এই খাতটি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশে সমুদ্র অর্থনীতি সম্পর্কিত প্রকল্পে বিনিয়োগের গভীর আগ্রহ দেখাচ্ছে এবং দেশে এ সংক্রান্ত বিপুল সম্ভাবনার দুয়ার খোলা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0