গাংনীতে পাগলা কুকুরের কামড়ে আহত -১৭
গাংনী ( মেহেরপুর) প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা শহরে একটি পাগলা কুকুরের আক্রমণে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
রবিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে একটি পাগলা কুকুর বের হয়ে কামড় শুরু করে গাংনী শহরের বাসস্ট্যান্ড, আমিন মিষ্টির গলি ও রাজলক্ষ্মী থানা মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
গাংনী উপজেলা চত্বরে থাকা চায়ের দোকানদার জাকির হোসেন জানান, কুকুরটি হঠাৎ উন্মত্ত আচরণ শুরু করে। একের পর এক পথচারীদের ওপর হামলা চালাতে থাকে। সামনে যাকে পেয়েছে তাকেই ধাওয়া করে কামড়ে দেয়। অল্প সময়ের মধ্যে শহরের একাধিক স্থানে অন্তত ১৭ জন আহত হন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দোকান ও বাসাবাড়িতে ছুটে যান।
আহতরা হলেন, গাংনী মহিলা কলেজ পাড়ার নুহু (৯), ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদ (৬৩), গাংনী উত্তরপাড়ার মাহাবুর রহমান (১২), ৮ নম্বর ওয়ার্ডের ফারিয়া আক্তার (১২), চৌগাছা গ্রামের হাজি আব্দুল মান্নান (৭০), পশ্চিম মালসাদহ গ্রামের সাদিয়া (১৬), হারদি গ্রামের কাদব আলী (৫৬), গাংনী বাজারপাড়ার মুকুল মিয়া (৪৫), গাংনী বাগানপাড়ার হাবিবুর রহমান (২২), ধানখোলা গ্রামের রফিক (৫৫), ৮ নম্বর ওয়ার্ডের হাফিজুর রহমান (৬০) এবং পূর্ব মালসাদহ গ্রামের হযরত আলী (৫০)সহ আরও কয়েকজন।
আহতদের দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া সুলতানা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরের কামড়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় জানান, শহরে ভবঘুরে কুকুরের সংখ্যা দীর্ঘদিন ধরেই বেড়ে চলেছে। তবে এ ধরনের ভয়াবহ হামলার ঘটনা আগে খুব একটা দেখা যায়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সচেতন মহল ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)