কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোনসহ চীনের ৬ নাগরিক আটক, সাইবার প্রতারণার অভিযোগ
কক্সবাজারের একটি আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রযুক্তিসরঞ্জামসহ চীনের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ, অনলাইনভিত্তিক জুয়া ও আর্থিক জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের ‘হোটেল সি-প্যালেস’-এ এই অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রাজধানী ঢাকার পুলিশ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রামু থানায় একটি অভিযোগ জমা পড়ে। সেই সূত্রের জের ধরেই হোটেলটিতে পুলিশি অভিযান চালানো হয়। অভিযানকালে তাঁদের হেফাজত থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৩০ থেকে ৪০টি ল্যাপটপ এবং বিদেশি পুলিশ বাহিনীর ব্যবহৃত বিশেষ যোগাযোগ ব্যবস্থার অনুরূপ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক নাগরিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের প্রাথমিক ধরণ সাইবার জালিয়াতি ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পর্কিত হলেও মামলার নির্দিষ্ট নম্বর, আটক ব্যক্তিদের নাম বা বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে তিনি প্রকাশ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, কক্সবাজারে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে আরও অনেক বিদেশি নাগরিক সক্রিয় থাকতে পারেন। তিনি দাবি করেন, কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেল ভাড়া নিয়ে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিক ডিজিটাল আর্থিক প্রতারণার নেটওয়ার্ক পরিচালনা করছেন। তাঁদের আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে হোটেল সি-প্যালেস কতৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের এই দলটি হোটেলে ওঠে। তবে সেখানে থেকে তাঁরা কী উদ্দেশ্যে কাজ পরিচালনা করছিলেন, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে পারেনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











