যুক্তরাজ্য ও ইউক্রেনের এআই প্রতিরক্ষা চুক্তি, রণক্ষেত্রের ডেটা পাবে ব্রিটিশ গবেষকরা
কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে এক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। ২৪ আগস্ট ২০২৬ তারিখে ব্রিটিশ সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এই সামরিক অংশীদারত্বের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক মিত্র হিসেবে ইউক্রেনের 'অ্যাভেঞ্জার্স এআই ল্যাবস'-এ প্রবেশাধিকার পেল যুক্তরাজ্য।
প্রযুক্তিগত অংশীদারত্ব ও রণক্ষেত্রের ডেটা
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিজস্ব যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনা ব্যবস্থা 'ডেল্টা' (DELTA) থেকে সংগৃহীত ৫০ লাখের বেশি ছবির ডেটাসেটের ওপর ভিত্তি করে 'অ্যাভেঞ্জার্স ল্যাবস' গড়ে তোলা হয়েছে। এটি ইউক্রেনের রণক্ষেত্রে স্থাপিত বিভিন্ন ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে ট্যাঙ্ক, কামান ও ড্রোনসহ শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তুর তথ্য সংগ্রহ করে থাকে।
বিবৃতি অনুযায়ী, স্বয়ংক্রিয় লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থার আওতায় এই প্রযুক্তিটি প্রতি মাসে ১ লাখেরও বেশি ড্রোন ভিডিও সংকেত বিশ্লেষণ করে। ফলে এতে ব্যবহৃত এআই মডেলগুলো রিয়েল-টাইমে শত্রুপক্ষের প্রায় ৭০ শতাংশ লক্ষ্যবস্তু সফলভাবে শনাক্ত করতে সক্ষম হচ্ছে।
যৌথ উদ্যোগ ও সামরিক সহায়তা
নতুন চুক্তি অনুসারে, দুই দেশ ফাইবার-অপটিক কেবলকে এআই-ভিত্তিক সেন্সর হিসেবে ব্যবহার করে সামরিক স্থাপনার নিরাপত্তা রক্ষা এবং ড্রোন ও স্বায়ত্তশাসিত ব্যবস্থার জন্য কম ক্ষমতার এআই চিপ তৈরির গবেষণা প্রকল্পে যৌথভাবে কাজ করবে। প্রাথমিক পর্যায়ে দুই দেশের গবেষক, প্রকৌশলী, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সামরিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রকল্পে জোর দেওয়া হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যান্ডি বার্নহামের এটি প্রথম বিদেশ সফর। কিয়েভ সফরকালে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার পাশাপাশি "কোয়ালিশন অফ দ্য উইলিং"-এর একটি বৈঠকেও সহ-সভাপতিত্ব করেন। এর আগে ব্রিটিশ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে, ইউক্রেনে স্কাল্প (SCALP) দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংযোজন লাইন স্থাপনে সহায়তার অংশ হিসেবে অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমবিডিএ (MBDA)-কে প্রয়োজনীয় গোপনীয় তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে।
সুত্র: রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











