ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে চীনের ভিডিও প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’

২৩ আগস্ট ২০২৬ - ২০:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে চীনের ভিডিও প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’
ছবি : AI দিয়ে তৈরি

ইউটিউবকে টেক্কা দিতে বিশ্বজুড়ে ব্যবসা প্রসারের উদ্যোগ নিচ্ছে চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি

চীনের সবচেয়ে প্রভাবশালী ভিডিও স্ট্রিমিং ও শেয়ারিং প্ল্যাটফর্ম 'বিলিবিলি' (Bilibili) তাদের সেবা বিশ্বব্যাপী সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জোরদার করতে এবং অ-চীনা কনটেন্ট ক্রিয়েটরদের আকৃষ্ট করতে ইংরেজি ভাষার ওয়েবসাইট চালুসহ আন্তর্জাতিক মোবাইল অ্যাপটিকে নতুনভাবে সাজানোর কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর-এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, বিলিবিলি সম্প্রতি তাদের বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক অ্যাপটি পুনরায় চালু করেছে। একই সাথে বিশ্ববাজারকে লক্ষ্য করে একটি ইংরেজি ওয়েবসাইট তৈরি এবং যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে স্থানীয় কর্মী নিয়োগের প্রক্রিয়া জোরদার করেছে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের মূল সাইটটিতে বর্তমানে প্রায় ৩৭ কোটি ৬০ লাখ সক্রিয় মাসিক ব্যবহারকারী রয়েছে। ইতিমধ্যে বিশ্বখ্যাত ইউটিউবার 'মিষ্টার বিস্ট' (MrBeast)-এর মতো আন্তর্জাতিক তারকাদের মূল চীনে ভিডিও পোস্ট করার জন্য উৎসাহিত করেছে বিলিবিলি। তবে এবার তারা আরও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বিশ্ববাজারে প্রবেশ করতে যাচ্ছে।

নতুন আন্তর্জাতিক সংস্করণে নিবন্ধনের নিয়মকানুন সহজ করা হয়েছে। আগে চীনের বাইরের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট তৈরি করতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হতো, যা নতুন আন্তর্জাতিক অ্যাপে তুলে নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ব্যবহারকারী ও বিশ্বমানের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ব্র্যান্ড স্পন্সরশিপের সুযোগ তৈরির লক্ষ্যে একটি বিশেষ প্ল্যাটফর্মও তৈরির প্রক্রিয়ায় রয়েছে।

বিশ্বজুড়ে সেবা নিশ্চিত করতে লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সিঙ্গাপুরভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত কনটেন্ট মডারেশন ব্যবস্থা গড়ে তোলারও কাজ চলছে।

তবে বৈশ্বিক বাজারে এই সম্প্রসারণ বিলিবিলির জন্য ইউটিউবের মতো জায়ান্টকে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি করলেও, ডেটা নিরাপত্তা ও কনটেন্ট মডারেশন সংক্রান্ত নীতিমালার মতো বিষয়ে আন্তর্জাতিক জটিলতার মুখে পড়ার শঙ্কাও রয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0