হিউম্যানয়েড প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারে জোর দিচ্ছে চীনের রোবট নির্মাতারা
প্যাকেট বাছাই, মোবাইল ফোন বক্সিং এবং গৃহস্থালি কাজে সহায়তার দৃশ্য প্রদর্শনের মাধ্যমে হিউম্যানয়েড রোবটকে কেবল প্রদর্শনীতে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক ব্যবহারে রূপান্তরের লক্ষ্য স্পষ্ট করেছে চীনের রোবট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। বুধবার বেইজিংয়ে শুরু হওয়া ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে নিজেদের আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা প্রদর্শন করে সংস্থাগুলো।
সংগঠকদের তথ্যমতে, আগামী রবিবার পর্যন্ত চলতে থাকা এই সম্মেলনে প্রধানত চীনের ৩০০টিরও বেশি দেশীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যেখানে ২,০০০টিরও বেশি প্রদর্শনী পণ্যের পাশাপাশি ১৫০টিরও বেশি নতুন পণ্য উন্মোচন করা হচ্ছে।
হিউম্যানয়েড রোবট ঘিরে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ এবং যুক্ত রাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী শুরুর দিনেই চীনের পরিচিত রোবট প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ইউনিট্রি'-এর শেয়ার সাংহাই শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনেই প্রায় ছয়গুণ বাড়ে। খুচরা বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের প্রাথমিক শেয়ার অফারে (আইপিও) নির্ধারিত সীমার চেয়ে ৮,০০০ গুণেরও বেশি আবেদন জমা পড়েছিল। ইউনিট্রির এই সাফল্যের পর স্টার্টআপ 'লুমোস রোবোটিকস' এবং গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান চেরি অটোমোবাইলের রোবোটিক্স বিভাগও শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার কথা ভাবছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
সম্মেলনে মার্কিন চিপনির্মাতা এনভিডিয়ার শীর্ষ নির্বাহী এবং প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের কন্যা ম্যাডিসন হুয়াং এক চমকপ্রদ সফর করেন। তিনি এনভিডিয়ার ওমনিভার্স ও রোবোটিক্স প্ল্যাটফর্মের মার্কেটিং তদারকি করেন, যা মূলত ফিজিক্যাল এআই সিমুলেশন এবং পরীক্ষার সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়। ভূরাজনৈতিক উত্তেজনা ও মার্কিন বিধিনিষেধ থাকা সত্ত্বেও তার এই সফর প্রকাশ করে যে, চীনের কারখানা, ওয়্যারহাউস ও বাসাবাড়ির জন্য তৈরি রোবট উন্নয়নে বিদেশি সরবরাহকারীদের ভূমিকা অব্যাহত রয়েছে। দৃষ্টিশক্তি প্রযুক্তি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান 'রিয়েলসেন্স'-এর প্রধান বিপণন কর্মকর্তা মাইক নিলসেন বলেন, "হিউম্যানয়েড প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে চীন।"
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী শিন গুওবিন জানান, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে রোবোটিক্স একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। ইতোমধ্যে লেজু, রোবোটেরা, ডেক্সফোর্স ও এক্স স্কয়ার রোবটের মতো প্রতিষ্ঠানগুলো চীনের লজিস্টিকস, অটোমোবাইল কারখানা, ডাক বিভাগ এবং বিভিন্ন বাসাবাড়িতে সরাসরি কাজের উদ্দেশ্যে তাদের রোবট পরীক্ষা ও মোতায়েন শুরু করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











