যুক্তরাষ্ট্রের পানিশোধনাগার ও জ্বালানি খাতে সাইবার হামলার ঝুঁকি, সিমেন্সের যন্ত্র নিয়ে সতর্কতা
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের পানিশোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যবহৃত ‘সিমেন্স’ কোম্পানির যন্ত্রপাতিতে সাইবার হামলার ঝুঁকি দেখা দিয়েছে। দেশটিতে সম্প্রতি একাধিক স্থানীয় পানি সরবরাহ ব্যবস্থার ওপর পরিচালিত সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় এসব যন্ত্র লক্ষ্য করার প্রমাণ মিলেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি সংস্থা যৌথভাবে একটি সতর্কবার্তা জারি করেছে।
ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ), এফবিআই, জ্বালানি বিভাগ, পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই হুমকির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিমেন্সের ‘এস৭ সিরিজ প্রোগ্রেমেবল লজিক কন্ট্রোলার’ (পিএলসি) ডিভাইসগুলোর ওপর সক্রিয় সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এসব সরঞ্জাম সাধারণত পানি প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন, উৎপাদন খাত, রাসায়নিক, খাদ্য ও কৃষি সংস্থায় ব্যবহৃত হয়।
কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ডিভাইসগুলো ক্ষতিগ্রস্ত বা হ্যাকড হলে তা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। এর ফলে যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি, নিরাপত্তা বিঘ্নিত হওয়া, উৎপাদন কাজ সাময়িক বন্ধ হওয়া এবং স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো সংকট সৃষ্টি হতে পারে।
সাইবার হামলাকারীরা এবার কোড তৈরি এবং জটিল সাইবার কৌশল বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে বলে প্রকাশিত সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। ফলে কম সময়ে এবং জটিল প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই তারা বিভিন্ন সিস্টেমে অনধিকার প্রবেশ করতে পারছে।
কর্মকর্তারা এখনও এসব হামলার পেছনে প্রত্যক্ষভাবে কোনো দেশকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেননি। তবে সাইবার বিশেষজ্ঞরা ধারণা করছেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় পানি ব্যবস্থাকে লক্ষ্য করে চলা এসব সাইবার ঘটনার পেছনে ইরানি হ্যাকারদের সম্পৃক্ততা থাকতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে পানিশোধনাগার ও স্পর্শকাতর অবকাঠামোগুলোকে অনতিবিলম্বে ইন্টারনেট সংযোগ থেকে সুরক্ষিত রাখা ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।
সুত্র: রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











