একই গ্যালাক্সিতে তিনটি সক্রিয় ব্ল্যাকহোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

১৬ আগস্ট ২০২৬ - ১৭:৩৩
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
একই গ্যালাক্সিতে তিনটি সক্রিয় ব্ল্যাকহোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
ছবি সংগৃহীত

মহাবিশ্বের সুদূর গভীরে থাকা একটি গ্যালাক্সিতে একই সঙ্গে তিনটি সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের উপস্থিতি শনাক্ত করেছেন একদল গবেষক। জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিকসের বিজ্ঞানীরা সাম্প্রতিক এক গবেষণায় এই বিরল আবিষ্কারের কথা জানান।

​যে গ্যালাক্সিতে ব্ল্যাকহোলগুলোর অবস্থান, সেটির নামকরণ করা হয়েছে ‘জে০১৪৮-৪২১৪’। পৃথিবী থেকে আনুমানিক ১ হাজার ২৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যালাক্সিটি প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে। পর্যবেক্ষণে দেখা যায়, এর কেন্দ্রস্থলে দুটি ব্ল্যাকহোল একে অপরের কাছাকাছি অবস্থান করছে, যাদের মধ্যবর্তী দূরত্ব প্রায় ৬২০ আলোকবর্ষ। আর তৃতীয় ব্ল্যাকহোলটি গ্যালাক্সির বাইরের দিকে রয়েছে, যা কেন্দ্র থেকে প্রায় ৫ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

​গবেষকদের তথ্যমতে, তিনটি ব্ল্যাকহোলই বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে এবং চারপাশের অ্যাক্রিশন ডিস্ক থেকে বস্তু বা পদার্থ নিজেদের দিকে টেনে নিচ্ছে। গবেষণায় এগুলোর ভরও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বৃহৎ ব্ল্যাকহোলটির ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় ৮ কোটি গুণ বেশি। অন্য দুটি ব্ল্যাকহোলের ভর যথাক্রমে সূর্যের প্রায় ৬ লাখ ও ২০ লাখ গুণ।

​মূলত ব্ল্যাকহোলের প্রচণ্ড মহাকর্ষীয় টানের ফলে আশপাশের গ্যাস তীব্র গতিতে ঘূর্ণায়মান থাকে। ওই গ্যাস থেকে নির্গত আয়োনাইজড হাইড্রোজেন বর্ণালিতে একধরনের বিশেষ সংকেত তৈরি করে। এই সংকেত বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা ব্ল্যাকহোলগুলোর উপস্থিতি নিশ্চিত করেছেন।

​গ্যালাক্সির মূল কেন্দ্রে অবস্থানরত ব্ল্যাকহোল দুটি কাছাকাছি থাকায় তাদের আলোর সংকেত পৃথক করা বেশ জটিল ছিল। এ সমস্যা সমাধানে গবেষকরা ‘স্পেকট্রো-অ্যাস্ট্রোমেট্রি’ নামক বিশেষ প্রযুক্তি ব্যবহার করেন। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এনআইআরস্পেক-আইএফএস (NIRSpec-IFS) যন্ত্রের সাহায্যে আলো নির্গমনের অতিসূক্ষ্ম স্থানিক পরিবর্তন মেপে তাদের সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

​জ্যোতির্বিজ্ঞানীদের মতে, প্রাথমিক মহাবিশ্বে গ্যালাক্সিগুলোর পারস্পরিক সংমিশ্রণ বা একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়মিত ঘটত। ধারণা করা হচ্ছে, এই গ্যালাক্সির কেন্দ্রের দুটি ব্ল্যাকহোলও আগামী কয়েকশ কোটি বছরের মধ্যে একত্রিত হয়ে যাবে।

​গবেষকদলের অন্যতম সদস্য বিজ্ঞানী হান্না ইউবলার জানান, দূরবর্তী মহাবিশ্বের কোনো একটি গ্যালাক্সিতে একসঙ্গে তিনটি সক্রিয় ব্ল্যাকহোল পাওয়ার ঘটনা এটিই প্রথম। এ আবিষ্কার ভবিষ্যতে মহাকর্ষীয় তরঙ্গ সম্পর্কিত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অপর বিজ্ঞানী জোভান্নি মাজোলারি উল্লেখ করেন, জেমস ওয়েব টেলিস্কোপের উপাত্তের মাধ্যমেই কেবল এই তিন ব্ল্যাকহোল শনাক্ত করা সম্ভব হয়নি; বরং এদের ভর, পদার্থের শোষণের হার এবং গ্যালাক্সির মোট তারকা ভর নিখুঁতভাবে পরিমাপ করা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0