ইউটিউব মনিটাইজেশনে আসছে বড় পরিবর্তন: লাগবে দ্বিগুণ ওয়াচটাইম ও ভিউ
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের মনিটাইজেশন ও আয় নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মের ফলে প্ল্যাটফর্মটি থেকে আয় করতে হলে কনটেন্ট নির্মাতাদের বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম বা ভিউ অর্জন করতে হবে। ২০১৮ সালের পর ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ওয়াইপিপি) এটিই সবচেয়ে বড় পরিবর্তন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপন এবং ইউটিউব প্রিমিয়াম থেকে আয় শুরু করতে নতুন নির্মাতাদের গত ৩৬৫ দিনে অন্তত ৮ হাজার ঘণ্টা মানসম্পন্ন ওয়াচটাইম থাকতে হবে। অন্যথায়, বিকল্প শর্ত হিসেবে গত ৯০ দিনে অন্তত ২ কোটি যোগ্য শর্টস ভিডিও ভিউ থাকতে হবে। বর্তমানে এই শর্ত যথাক্রমে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম এবং ১ কোটি শর্টস ভিউ। তবে ১ হাজার সাবস্ক্রাইবার থাকার পূর্বশর্তটি অপরিবর্তিত থাকছে।
এই নীতিমালার প্রভাব পড়বে বর্তমানে মনিটাইজেশন চালু থাকা নির্মাতাদের ওপরও। শর্টস ভিডিও থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন আয় বজায় রাখতে নির্মাতাদের প্রতি ৯০ দিনের মেয়াদে অন্তত ১ কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে। কোনো চ্যানেলের ভিউ এই সীমার নিচে নেমে গেলে শর্টসের রাজস্ব বন্ধ হয়ে যাবে। তবে চ্যানেলটির ওয়াচটাইম সুবিধা বহাল থাকবে এবং ভিউ আবারও নির্ধারিত সীমার ওপর উঠলে শর্টসের আয় স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
ক্ষুদ্র ও নতুন নির্মাতাদের জন্য কিছু বিকল্প সুবিধাও রাখা হচ্ছে। ব্র্যান্ড চুক্তি, ইউটিউব শপিং এবং নতুন ট্রেন্ড তৈরির মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি কম স্তরের মনিটাইজেশন সুবিধার (৫০০ সাবস্ক্রাইবার, ৩টি ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম বা ৩০ লাখ শর্টস ভিউ) ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, যদিও এই স্তরে সরাসরি বিজ্ঞাপন থেকে আয় করা যায় না।
এছাড়া ‘ইউটিউব প্রিমিয়াম লাইট’ সেবা বিশ্বজুড়ে প্রসারের পরিকল্পনা রয়েছে গুগলের এই প্রতিষ্ঠানের। এ সেবার গ্রাহকদের সাবস্ক্রিপশন আয়ের নিট ৬০ শতাংশ নির্মাতাদের জন্য নির্ধারিত রেভিনিউ পুলে যুক্ত করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











