গুগল পিক্সেল ১১ সিরিজ: আনুষ্ঠানিকভাবে আসার আগেই ফাঁস সম্ভাব্য দাম ও ফিচার

০৩ আগস্ট ২০২৬ - ১৩:০৯
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গুগল পিক্সেল ১১ সিরিজ: আনুষ্ঠানিকভাবে আসার আগেই ফাঁস সম্ভাব্য দাম ও ফিচার
ছবি সংগৃহীত

আগামী ১২ আগস্ট 'মেড বাই গুগল' মেগা ইভেন্টে নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ১১ সিরিজ উন্মোচিত হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে আসার আগেই অনলাইনে এর সম্ভাব্য সব তথ্য প্রকাশ পেয়ে গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস-এর এক প্রতিবেদনে চার মডেলের পিক্সেল ১১ সিরিজের খুঁটিনাটি ফিচারসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারমূল্য তুলে ধরা হয়েছে।

​তথ্য অনুযায়ী, পিক্সেল ১১ সিরিজে থাকছে মোট চারটি মডেল—পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং ভাঁজযোগ্য ডিজাইনের পিক্সেল ১১ প্রো ফোল্ড। প্রতিটি ফোনেই গুগলের নিজস্ব টেনসর জি৬ চিপসেট এবং বাড়তি নিরাপত্তার জন্য টাইটান এম৩ কো-প্রসেসর যুক্ত থাকতে পারে।

​মডেলভেদে সম্ভাব্য দাম

ফাঁস হওয়া নথি অনুসারে, যুক্তরাষ্ট্রের বাজারে সাধারণ পিক্সেল ১১-এর প্রারম্ভিক দাম হতে পারে ৮৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা)। পিক্সেল ১১ প্রো-এর দাম শুরু হতে পারে ১,০৯৯ ডলার (প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা) থেকে। অন্যদিকে, বড় ডিসপ্লের পিক্সেল ১১ প্রো এক্সএল-এর শুরু মূল্য ধরা হয়েছে ১,২৯৯ ডলার (প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা) এবং ফ্ল্যাগশিপ ফোল্ডেবল পিক্সেল ১১ প্রো ফোল্ড কিনতে গুণতে হতে পারে ১,৮৯৯ ডলার (প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা)।

​পিক্সেল ১১-এর ফিচার

বেস মডেল পিক্সেল ১১-এ ৬.৩ ইঞ্চির ১২০ হার্টজ ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা হবে ৩,০০০ নিটস। ১২ বা ১৬ জিবি র‍্যামের পাশাপাশি এতে ২৫৬ বা ৫১২ জিবি স্টোরেজের সুবিধা থাকবে। ছবি তোলার জন্য পেছনে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং সামনে ১০.৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া ফোনটি সচল রাখতে থাকবে ৪,৯৮৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৩০ ওয়াট তারযুক্ত ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

​প্রো ও প্রো এক্সএল সংস্করণ

উন্নত পিক্সেল ১১ প্রো-তে দেওয়া হয়েছে ৬.৩ ইঞ্চির এলটিপিও ওএলইডি ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সরের সঙ্গে ৪৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। এ ফোনে ৫ গুণ অপটিক্যাল জুমের পাশাপাশি সর্বোচ্চ ১২০ গুণ প্রো জুমের সুবিধা মিলবে। সামনের দিকে মিলবে ৪২ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা।

​অন্যদিকে পিক্সেল ১১ প্রো এক্সএল সংস্করণে মিলবে ৬.৮ ইঞ্চির বড় ডিসপ্লে, সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ ও ৫,১১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যাতে থাকবে ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং ব্যবস্থা।

​ফোল্ডেবল পিক্সেল ১১ প্রো ফোল্ড

ভাঁজযোগ্য মডেলটিতে ভেতরে ৮ ইঞ্চি এবং বাইরে ৬.৪ ইঞ্চির দুটি ডিসপ্লে যুক্ত থাকছে। ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি থাকছে আলট্রা-ওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো সেন্সর। এতে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম, ১ টেরাবাইট স্টোরেজ ও ৪,৮০৬ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিশ্চিত করা হতে পারে।

​সিরিজের প্রতিটি ফোনেই নতুন অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম, আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং আধুনিক বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যদিও গুগল এখনো এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ১২ আগস্টের আসরে পিক্সেল ১১ ফোনগুলোর পাশাপাশি নতুন পিক্সেল ওয়াচ ও বাডস দেখার অপেক্ষায় প্রযুক্তিপ্রেমীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0