ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু, বিক্ষুব্ধ জনতার ৪ গাড়িতে আগুন

১২ জুলাই ২০২৬ - ০০:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু, বিক্ষুব্ধ জনতার ৪ গাড়িতে আগুন
ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত একটি যাত্রীবাহী বাসসহ অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

​শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ও সহিংসতা ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন—বরগুনার তুলসীবাড়িয়া গ্রামের মো. জালাল খান (৩৬), ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা গ্রামের মো. হাফিজুল মাতুব্বর (৩৫), ভাঙ্গার আলগি ইউনিয়নের সোয়াদি গ্রামের জয়নাল মিয়া (৩০), আরিফ মাতুব্বর (৪২) ও ওবায়দুল সেখ (৪৫)।

​হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা সড়কে ছড়িয়ে পড়া ডিম সরাতে বা সংগ্রহ করতে এগিয়ে আসেন। ঠিক তখনই দ্রুতগতির ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সেখানে উপস্থিত সাধারণ মানুষের ওপর তুলে দিলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

​ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্য

​ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, ডিমভর্তি একটি গাড়ি দুর্ঘটনাকবলিত হওয়ার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে এসেছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ওপর তুলে দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

​ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0