ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯২০, ফের ভূমিকম্পের আঘাত
নিউজডিপি ডেস্ক ঃ ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে শুক্রবার (২৬ জুন) আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।
ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে বুধবারের ভূমিকম্পের বিষয়ে ভেনেজুয়েলার পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগুয়েজ এক বিবৃতিতে জানিয়েছেন," ধ্বংসস্তূপে এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে সময়ের সঙ্গে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিবৃতিতে তিনি আরও বলেন, এমন ভয়াবহ ভূমিকম্পের পর প্রতিটি মানুষকে জীবিত উদ্ধার করা অলৌকিক ঘটনার মতো। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এএফপি’কে জানান, ভূমিকম্পের পর ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত বুধবার ( ২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার পর পর দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। বুধবারের এও ভূমিকম্পকে ভেনেজুয়েলার এ যাবৎকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। অজস্র ভবন, বাসাবাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস্র প্রাপ্ত হয়েছে দেশটিতে । তবে ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে।
চিলি থেকে আসা একটি উদ্ধারকারী দল লা গুয়াইরার একটি আবাসিক কমপ্লেক্সে উদ্ধার অভিযান চালাচ্ছে। চারটি বহুতল ভবন ও শত শত অ্যাপার্টমেন্ট নিয়ে গড়ে ওঠা কমপ্লেক্সটির বেশিরভাগই ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
উদ্ধারকারী দলের প্রধান নাদিওমার পোলাঙ্কো ঘটনাস্থল থেকে বলেন, ভবনগুলো পুরোপুরি ধসে পড়েছে। জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন মরদেহ উদ্ধারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই ধরনের ভয়াবহ চিত্র শহরের আরও অনেক এলাকায় দেখা যাচ্ছে।
এদিকে ভয়াবহ এই বিপর্যয়ে বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া পরিবারের সদস্য ও স্বজনদের উদ্ধারের জন্য দিশেহারা অবস্থায় আছে উত্তর ভেনেজুয়েলার হাজার হাজার মানুষ।
জাতিসংঘের কর্মকর্তারা জানান, অন্তত ১৭টি দেশের উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় কাজ করছে। এর মধ্যে স্পেন, এল সালভাদর, সুইজারল্যান্ড, কলম্বিয়া ও মেক্সিকোর দলও রয়েছে। যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, তারা ২৫০ জনের বেশি সদস্যের একটি দুর্যোগ মোকাবিলা দল ভেনেজুয়েলায় পাঠাচ্ছে। এ দলে তিনটি বিশেষ অনুসন্ধান ও উদ্ধার ইউনিট রয়েছে। তাদের সঙ্গে প্রশিক্ষিত কুকুরও রয়েছে, যা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের অবস্থান শনাক্ত করতে সক্ষম।
শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ ও অন্যান্য সহায়তা সংস্থা জানায়, ভূমিকম্পের আগেই ভেনেজুয়েলার লাখো মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা, ভেঙে পড়া স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ঝুঁকি এবং অর্থনৈতিক সংকটে ভুগছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0