'আমি বন্দি কারাগারে' গানের গায়ক মুজিব পরদেশী চেক ডিজঅনার মামলায় কা রা গারে
দশ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় জনপ্রিয় লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রের বিবরণে জানা যায়, ২০২২ সালে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি মাগুরার আদালতে এই সংগীতশিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির শুনানির পর ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত রায় ঘোষণা করেন। রায়ে মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লিখিত সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায়ের পর থেকে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা পুলিশ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, আসামিকে আদালতে হাজির করে পুলিশ কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
শুনানিকালে আদালতে মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে জামিনের বিরোধিতা করে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম যুক্তি দেখান যে, রায়ের বিষয়টি জানা সত্ত্বেও আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হননি। তাই আসামিকে জামিন দিলে বাদী ক্ষতিগ্রস্ত হবেন উল্লেখ করে তিনি জামিন নামঞ্জুরের আবেদন জানান।
প্রসঙ্গত, লোকসংগীত শিল্পী মুজিব পরদেশীর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে নিজস্ব গায়কী ও বাংলা লোকগানের মাধ্যমে তিনি সংগীতাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করেন। তার গাওয়া ‘আমি বন্দী কারাগারে’, ‘কলমে নাই কালি’, ‘তোমায় আমি হলেম অচেনা’ এবং ‘আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া’র মতো গানগুলো শ্রোতামহলে ব্যাপক সমাদৃত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











