আলমডাঙ্গায় মুক্তিপণ না পেয়ে কিশোর হত্যা: গাজীপুর থেকে পলাতক আসামি গ্রেপ্তার

০৬ আগস্ট ২০২৬ - ২০:০৭
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মুক্তিপণ না পেয়ে কিশোর হত্যা: গাজীপুর থেকে পলাতক আসামি গ্রেপ্তার
আলমডাঙ্গার চিলাভালকী গ্রামের রাফিজ হত্যা মামলার আসামী শরিফুল গ্রেপ্তার। ছবি:সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে কিশোর রাফিজ মিয়া(১৫)কে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(৫ আগস্ট) রাতে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল জেলার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়ার মৃত মুরজুল হকের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুন সন্ধ্যায় আলমডাঙ্গার চিলাভালকী গ্রামের রাফিজকে মুঠোফোনে ডেকে নিয়ে অপহরণ করে আসামিরা। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে তা না পেয়ে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর এলাকার অর্জুন খালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার ৮ দিন পর, গত ১৩ জুন খালের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে রাফিজের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

​আলমডাঙ্গা থানায় মামলা দায়েরের পর চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হলো। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 5
অপছন্দ অপছন্দ 1
ভালোবাসা ভালোবাসা 3
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0