একদিনে ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি: ক্লাউড ও এআই-এর ধাক্কায় ইতিহাস গড়লো মাইক্রোসফট
ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ধারাবাহিক উন্নতির জের ধরে ইতিহাস গড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) লেনদেন শেষ হওয়ার পর পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারদর ১৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। এর ওপর ভর করে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলারে, যা একদিনের হিসাবে রেকর্ড ৪৫০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এলএসইজি (LSEG)-এর তথ্যমতে, বিশ্ব পুঁজিবাজারে কোনো একক প্রতিষ্ঠানের একদিনে এত বিপুল পরিমাণ শেয়ারমূল্য বাড়ার ঘটনা এটিই প্রথম। এর আগে ২০২৫ সালের ৯ এপ্রিল এনভিডিয়া একদিনে ৪৪১ বিলিয়ন ডলার মূলধন বাড়িয়ে তৎকালীন রেকর্ড গড়েছিল, যা এবার টপকে গেল মাইক্রোসফট।
সম্প্রতি প্রকাশিত মাইক্রোসফটের আর্থিক প্রতিবেদন বিনিয়োগকারীদের মাঝে নতুন আস্থা ফিরিয়ে এনেছে। বিশেষ করে এআই অবকাঠামো ও ডেটা সেন্টারে করা ভারী বিনিয়োগের বিপরীতে ইতিবাচক আয়ের সূচক দেখা যাওয়ায় বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, অনাকাঙ্ক্ষিত ব্যয়ের উদ্বেগ কাটিয়ে এআই প্রযুক্তির ওপর আস্থা ফেরাতে সফল হয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি খাতের তথাকথিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ দলভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এ বছরের শুরু থেকে মাইক্রোসফট কিছুটা পিছিয়ে থাকলেও, শেয়ারের সাম্প্রতিক উত্থানে সেই মন্দা কেটেছে। সর্বশেষ অর্ধবার্ষিক পর্যালোচনার পর অন্তত নয়টি ব্রোকারেজ হাউস কোম্পানিটির শেয়ারের গড় লক্ষ্যমূল্য বাড়িয়ে ৫৬০ দশমিক ৯০ ডলার নির্ধারণ করেছে।
এদিকে আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, নির্ধারিত বিনিয়োগ কাঠামো অপরিবর্তিত থাকছে। ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রায় ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলার মূলধনী ব্যয় এবং ২০২৬ ক্যালেন্ডার বছরে সার্বিকভাবে ১ হাজার ৭৫০ কোটি ডলার ব্যয় করার সিদ্ধান্ত রয়েছে তাদের।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











