কিশোরদের মানসিক স্বাস্থ্য ক্ষুণ্নের ৩টি মামলা নিষ্পত্তিতে রাজি টিকটক
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের আসক্তিকর নকশা ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলা সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। বাদীপক্ষের আইনজীবী জোসেফ ভ্যানজ্যান্ড গত সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, টিকটকের সঙ্গে সমঝোতার লিখিত চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। চুক্তিটির শর্তাবলি গোপন রাখা হয়েছে। তবে এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আদালতে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের হাজার হাজার মামলা বিচারাধীন রয়েছে। আদালতের বিচার শুরুর আগেই এ তিন মামলার নিষ্পত্তি হলেও মেটা প্ল্যাটফর্মস, গুগলের ইউটিউব এবং স্ন্যাপ চ্যাটের বিরুদ্ধে আগের মামলার শুনানি অব্যাহত থাকবে। লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টের বিচারক ক্যারোলিন কুহল প্রায় ৩,৩০০টি আসক্তিসংশ্লিষ্ট মামলার তত্ত্বাবধান করছেন। আগামী অক্টোবরে অন্যান্য প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলাগুলোর চূড়ান্ত বিচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালতের নথিসূত্রে জানা গেছে, চুক্তি হতে যাওয়া তিন মামলার বাদীদের মধ্যে রয়েছে ইলিনয়ের ১৫ বছর বয়সী এক কিশোরী (এস.জে.), যার অভিযোগ—প্ল্যাটফর্মটির ব্যবহারের ফলে সে বিষণ্নতা, মানসিক উদ্বেগ ও খাদ্যাভ্যাসে সমস্যায় ভুগেছে। অন্য দুই জন হলো নিউ জার্সির ১৫ বছর বয়সী কিশোর (পি.এম.ওয়াই.) এবং মিসিসিপির ১৮ বছর বয়সী তরুণ (কে.ডি.বি.)।
তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা তরুণ ব্যবহারকারীদের সুরক্ষা দিতে পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











